:দীর্ঘ প্রায় ১০ বছরের বিদ্যুৎ সমস্যার অবশেষে অবসান ঘটল মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের কালিনগর পঞ্চম খণ্ড এলাকায়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা বিবেচনা করে ৬৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি নতুন বৈদ্যুতিক ট্রান্সফরমারের ব্যবস্থা করে দিলেন হাইলাকান্দির বিধায়ক ডঃ মিলন দাস। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ট্রান্সফরমারটির উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত প্রায় ১০ বছর ধরে এলাকায় লো-ভোল্টেজের সমস্যায় নাজেহাল ছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে দৈনন্দিন কাজকর্ম, পড়াশোনা এবং গৃহস্থালির বিভিন্ন ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হতে হতো বাসিন্দাদের। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য বারবার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে তাঁদের দাবিকে গুরুত্ব দিয়ে নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা করে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন ট্রান্সফরমার উদ্বোধনের পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা বিধায়ক ডঃ মিলন দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘ ৩৫ বছর পর তাঁরা এমন একজন জনপ্রতিনিধিকে পেয়েছেন, যিনি শুধু প্রতিশ্রুতি দেন না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও উদ্যোগী হন। তাঁদের কথায়, “কথা দিয়ে কথা রেখেছেন বিধায়ক ডঃ মিলন দাস। তাঁর দেওয়া প্রতিশ্রুতি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বাস্তবেও তার প্রতিফলন ঘটেছে।”
এদিন উপস্থিত বহু মানুষ আগামী দিনেও বিধায়ক ডঃ মিলন দাসের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তাঁকে ভবিষ্যতে মন্ত্রীর আসনে দেখতে চান বলেও নিজেদের আশার কথা তুলে ধরেন কালিনগর পঞ্চম খণ্ডের বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর জিপির সভাপতি নুরুল হক চৌধুরী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি মনসুর হাসান চৌধুরী, মহাদেবপুর জিপির এপি সদস্যা রুবি বেগম চৌধুরী, কালিনগর বিজেপি মণ্ডল সভাপতি অশোক কুমার দাস, কালিনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি রঞ্জন সিংহ, অসম রাজ্য কিষান মোর্চার সদস্য অনুপম দে, বরাক ভ্যালি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সুধন্য সিনহা, প্রাক্তন এপি সদস্য আবিদুর রহমান চৌধুরী, শরিফ উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সেলিম উদ্দিন চৌধুরী, সেলিম আহমেদ, বিজেপির একনিষ্ঠ কর্মী সুমন দে চৌধুরী, রাজু রায়, পাপ্পি দে, সুমন দে-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
নতুন ট্রান্সফরমার চালু হওয়ার ফলে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে এবং আগামী দিনে এলাকার মানুষ উন্নত বিদ্যুৎ পরিষেবা পাবেন—এমনটাই প্রত্যাশা করছেন কালিনগর পঞ্চম খণ্ডের বাসিন্দারা।
